রাজধানীর রূপনগর বেড়িবাঁধ থেকে উদ্ধারকৃত লাশটি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের। তিনি মাওলানা মোস্তফা কালামের ছেলে। ভোলা জেলার ইশানপুর গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।
নিহতের মামা তৌহিদুল ইসলাম জানান, গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সদরঘাট লঞ্চে উঠেন। সেখানে গোয়েন্দা পুলিশের পরিচয়ে কয়েজন ব্যক্তি তাকে আটক করে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
অপরদিকে গত ৩০ জানুয়ারি সকালে রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে রাখা হয়।
আজ সোমবার সকালে নিহতের মামা তৌহিদুল ইসলাম মর্গে গিয়ে লাশটি আরিফুল ইসলাম বলে সনাক্ত করেন। এই হত্যাকাণ্ডের ব্যাপারে রূপনগর থানা পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে রূপনগর থানার মামলার তদন্তকারী অফিসার এস আই ফিরোজ আলম জানান, সকালে নিহতের আত্মীয় পরিচয়ে লোকজন থানায় এসেছিলেন। কিন্তু লাশটি তাদেরকে দেওয়ার ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ইআর





