এক বছর আগে সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া সাব্বির ইন্দোনেশিয়ায় অভিবাসীদের সঙ্গে উদ্ধার হয়েছেন বলে তার বাবা দাবি করেছেন। হাসানুর রহমানের দাবি, দেশি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মে মাসের ১১ তারিখে প্রকাশিত অভিবাসীদের ছবিতে সাব্বিরকে তারা চিহ্নিত করেছেন।
সাব্বির আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স বিভাগে পড়তেন। গত বছর সেন্ট মার্টিনে পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়ে বিশ্ববিদ্যালয়টির চার জন ছাত্র পানিতে ডুবে মারা যায়। দুর্ঘটনায় আরো দুজন ছাত্রের কোন খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছিল নিখোঁজ দুজন ছাত্রও হয়তো পানিতে ডুবে গেছেন।
বেড়াতে যাওয়ার আগে সাব্বির ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, 'চলে যাচ্ছি দোস্ত ! একদম নেটওয়ার্কের বাইরে !!'। সাব্বির নিখোঁজ হওয়ার পর তার ওই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সহানুভূতি জানিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।
গত ১১ মে উদ্ধার হওয়া অভিবাসীদের ছবি প্রকাশ করে রয়টার্স। সেদিন সাগরের চারটি নৌকা থেকে প্রায় ১৪০০ জন অভিবাসীকে উদ্ধার করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। ওই একই দিনে ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা দেশটির আচেহ প্রদেশের উপকূলের কাছাকাছি ৪০০ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীবাহী আরেকটি নৌকার খোঁজ পায়।
'আমি ও আমার স্ত্রী ১৪ মাস পর আমাদের ছেলের ছবি দেখেছি। আমরা তাকে ছোট থেকে আদর যত্নে বড় করেছি। তাকে আমরা চিনতে পেরেছি'- জানান সাব্বিরের বাবা।
জেআই





