গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী।
সোমবার সকাল সাড়ে ৮টায় ১২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শফিউল আজমের নেতৃত্বে এ উদ্ধার অভিযান শুরু হয়।১৪০ জন সেনা সদস্য এ উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।
ভেক্যু ও বুল ডোজার নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা। সে কারণে টঙ্গী-কালিগঞ্জ-ঘোড়াশাল মহাসড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এর আগে রোববার রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সময়ে সেনাবাহিনী দলটি ঘটনাস্থল পরিদর্শন করেন।
শনিবার সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড নামের ওই প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
এদিকে এই অগ্নিকাণ্ডে রোববার রাতে আরো দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার সকাল ৭টার দিকে ভবনের তৃতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মফিজুল হাসান।
এর আগে রোববার উদ্ধার অভিযান শুরুর পর কারখানার সামনে ধ্বংসস্তূপের ভেতর থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। গাজীপুর জেলা
প্রশাসনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এখনো ট্যাম্পাকো দুর্ঘটনায় ১২জন নিখোঁজ রয়েছেন।
এম এ





