শিশু সৌরভকে গুলি করাসহ দুই মামলায় গ্রেফতার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন নামুঞ্জুর করেছে আদালত।

জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের দায়িত্বে থাকা বিচারক মো. ওয়াহেদুজ্জামান রবিবার বেলা ১১টা ৫০ মিনিটে জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

তার জামিন শুনানি করেন তার আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু।

গত ২১ অক্টোবর একই আদালতে জামিন আবেদন করেন লিটনের আইনজীবী। পরে বিচারক মো. ময়নুল হাসান ইউছুফ রবিবার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন।

গত ১৪ অক্টোবর রাত সোয়া ১০টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরের দিন গাইবান্ধায় নিয়ে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত হয় নয় বছরের শিশু সৌরভ। সৌরভের পায়ে তিনটি গুলি বিদ্ধ হয়। পরদিন এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া।

এআই