চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় পাশাপাশি রেললাইনে দুই ট্রেনের মাঝে চাপা পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনার পর সকাল ১০টার দিকে এই ছাত্রের মৃত্যু ঘটে। নিহত ছাত্রের নাম সাজেদুল ইসলাম (২২)। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) অর্থনীতি বিভাগের ছাত্র। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার সময় সাজেদুল ট্রেনে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, সকালে পরীক্ষা দিতে কুমিরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার সময় ক্যাম্পাসের মূল গেইটের কাছে পাশাপাশি দুটি রেললাইনে দুটি ট্রেন যাওয়ার সময় দুই ট্রেনের মাঝখানে চাপা পড়েন সাজেদুল ইসলাম।
পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অন্যান্য ছাত্ররা এসে গুরুতর আহত অবস্থায় সাজেদুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলে কোনো যানবাহন পাওয়া না যাওয়ায় সকাল সাড়ে ৮টায় দুর্ঘটনা ঘটলেও সাজেদুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় সকাল ১০টার দিকে। এতে অতিরিক্তক্ষরণে হাসপাতালে আনার মুহূর্তেই সাজেদুলের মৃত্যু ঘটে।
সাজেদুলের সহপাটি আবেদীন জানান, দুর্ঘটনার পর পরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন অ্যাম্বুল্যান্স কিংবা অন্য কোনো যানবহন পাওয়া যায়নি। ফলে সাজেদুলকে রিকশা করে হাসপাতালে আনা হয়। এতে দীর্ঘ সময় চিকিৎসা না পাওয়ায় সাজেদুল মারা যায়।
কেএইচ





