রংপুর-ঢাকা মহাসড়কে দুটো বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার বিকাল ৪টার দিকে রংপুরের মর্ডার্ন এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখো সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, ঢাকা থেকে রানীশৈংকলগামী রূপালী পরিবহন নামে যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা এসএম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪০ জন আহত হন।
আহতদের স্থানীয় লোকজনের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক তাবাসসুম জানান, আহতের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জিলানী জানান, দুটো বাসই বেপরোয়া গতিতে চলছিল। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাস দুটি পুলিশের হেফাজতে আনা হলেও বাসের ড্রাইভাররা পলাতক। তাদের এখনো আটক করা সম্ভব হয়নি।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





