মাদারীপুর জেলার মস্তফাপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এ সময় প্রায় ১০ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ১০টা থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের গুলিবিদ্ধরা হলেন-বাদল মীর (৩০), শাহ আলম (২৮), আরিফ হাওলাদার (৩০), শওকত হাওলাদার (৩২) এবং সাইফুল ইসলাম (৩১)।
মাদারীপুর মডেল থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী কুদ্দুস মল্লিক এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহরাব হোসেন খান ৩৫০ ভোটে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা কুদ্দুস মল্লিকের কাছে পরাজিত হন।
কিন্তু এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সোহরাব খান আওয়ামী লীগের প্রার্থী কুদ্দুস মল্লিকের বিরুদ্ধে জালভোট দিয়ে জয়ী হওয়ার অভিযোগ আনে। নির্বাচনের দিন বিকেল থেকেই উভয় গ্রুপের লোকজন কোন্দলে জড়িয়ে পরে।
সেই কোন্দলের জের ধরেই শুক্রবার সকাল থেকে কয়েক দফায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে এবং ১০ বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে আছে। স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমই





