যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের পর যুক্তরাজ্যে ব্যক্তিগত সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরা এবং গণ সংবর্ধনা উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের আশপাশ এলাকা এবং গণভবন ও জাতীয় সংসদ ভবন পর্যন্ত প্রতিটি সড়কে কড়া নিরাপত্তা ব্যাবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছি। আমাদের সদস্যরা পোশাকে এবং সাদা পোশাকে কড়া নিরাপত্তার জন্যে সতর্কাবস্থানে থাকবে।
এছাড়া র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) এবং বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এইপবিএন) সদস্যরাও কড়া নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে।
এর আগে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ০০২ নং ফ্লাইটটি শনিবার (০৩ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওসমানী বিমানবন্দরের এভিয়েশন ম্যানেজার হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেন। বিমানটি ঘণ্টাখানেক ওসমানী বিমানবন্দরে অবস্থান করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অবদানের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার 'চ্যাম্পিয়নস অব দি আর্থ' দেয়া হয় প্রধানমন্ত্রীকে।
এমআর/ এআর





