চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো ২জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নগরের খাতুনগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
জেলার ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই রফিক আহম্মদ মজুমদার জানান, বুধবার রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড ফৌজদারহাট জলিল টেক্সটাইল গেইট এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক সামনের দুইটি চাকা ফুটো হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কর্ভাডভ্যানের পিছনে ধাক্কা দেয়।
এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ট্রাক চালক। আর গুরুতর আহত হন ওই ট্রাকের দুই সহকারী। ট্রাকের দুই সহকারী ফয়সাল ও হাসানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোহাম্মদ আরিফ টাঙ্গাইল জেলার বাসিন্দা।
অন্যদিকে নগরের খাতুনগঞ্জে পিকআপের ধাক্কায় মো. কামাল (৪৫) নামে এক শ্রমিক মারা যান। বুধবার দিনগত রাত সাড়ে ৮দিকে পণ্য উঠা-নামা করার সময় পিকআপের ধাক্কায় কামাল গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. কামাল কুমিল্লা মুরাদ নগর থানার যাত্রাপুর গ্রামের মৃত জার মিয়ার ছেলে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।





