চাঁদাবাজিকে কেন্দ্র করে সাভারে বঙ্গবন্ধু সৈনিক লীগ ও শ্রমিক লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সোমবার সকালের এ হামলায় বঙ্গবন্ধু সৈনিক লীগের পাঁচ কর্মী আহত হয়েছেন। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের অফিসও ভাঙচুর করে শ্রমিক লীগের কর্মীরা। সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

সাভার পৌর ৯ নং ওয়ার্ড সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক এনামূল কবির জানান, একটি প্রতিষ্ঠানের রঙের কাজ করাকে কেন্দ্র করে শ্রমিক লীগের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। তারা চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

তাতে সৈনিক লীগ বাধা দিলে সকালে শ্রমিক লীগের শাহিন, জামাল, লালমিয়াসহ প্রায় ২০-২৫ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সৈনিক লীগের অফিসে হামলা চালায়।

এ সময় তারা অফিস ভাঙচুর করে।তাদের মারধরে আহত হন সৈনিক লীগের পাঁচ কর্মী। আহতদের সাভারের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শ্ন করেছে সাভার থানা পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থ্যা নেওয়া হবে।

এমকে