স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কোন খারাপ উদ্দেশ্য ও রাজনৈতিক নিপীড়নের উদ্দেশ্যে কাউকে আটক করিনি। আগে প্রতদিন কমবেশি দুই হাজারের মতো আটক করা হতো। এখনো তাই হচ্ছে।
বুধবার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
সাঁড়াশি অভিযানের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন জানিয়ে মন্ত্রী বলেন, আমরা জানিয়েছি, এটা বিশেষ কিছু নয়। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এটা আমরা করছি না। সন্দেহভাজন জঙ্গি ও পরোয়ানাভুক্ত আসামিদের ধরতেই এ অভিযান চলছে।
বার্নিকাটের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস একটি গ্লোবাল থ্রেট (বৈশ্বিক হুমকি)। এই হুমকি মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করতে চাই বলে মার্কিন রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। এ ছাড়া দূতাবাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর বিষয়টিও তাঁকে জানানো হয়েছে। এ কারণে মার্কিন রাষ্ট্রদূত ধন্যবাদ জানিয়েছেন।
এমআইএস





