ভোলা জেলার লালমোহন উপজেলার সাদাপুলে সোমবার দুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহতরা হলেন- চরফ্যাশন উপজেলার ৭নং ওয়ার্ডের শাহিন মিয়ার স্ত্রী রুমা বেগম (৩৭) ও তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন (৫৬)।
আহতরা হলেন- সাজু মিয়া, সহদেব, আরিফ, কনন, নয়ন, সবুজ, সঞ্চিতা, হারুন, আনোয়ার, হাজেরা, ফাতেমা, আকবর, রুমা, শান্ত ও শামিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভোলা থেকে চরফ্যাশনগামী কৃষ্ণচূড়া পরিবহন নামের একটি বাস ভোলা-চরফ্যাশন সড়কের সাদাপোল বাজারে এসে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির উপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়াও বাসের বেশ কিছু দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যান। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করছে।
জেআই





