কুমিল্লায় বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৩১ মার্চ) রাত পৌনে ১টার দিকে জেলার দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাইফুল (২০) দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের ছেলে ও একই এলাকার রেনু মিয়ার ছেলে ফাহিম (১৯)।

স্থানীয়রা জানান, রাত পৌনে ১টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়েবাড়িতে গান বাজানো কেন্দ্র করে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। পরে গুরুতর অবস্থায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেবীদ্বার থানার ওসি মো: আরিফুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।