রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মো. সাহিদ হাসান (৩৭) মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৪টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় দগ্ধ হয়ে তার স্ত্রী ও দুই সন্তান চিকিৎসাধীন।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাহিদ হাসানের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ছিল।

চিকিৎসাধীন অন্য তিনজন হলেন সাহিদ হাসানের স্ত্রী রেখা আক্তার, তাদের ১০ বছর বয়সী মেয়ে সাফা ও নয় বছরের ছেলে সাফিয়ান। তাদের মধ্যে রেখাও শঙ্কামুক্ত নন। তার পুড়েছে ৩০ ভাগ। এছাড়া সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের শরীর ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে বুধবার ভোর রাতে দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, একটি আবাসিক ভবনের তৃতীয় তলার বাসার রান্নাঘরে থাকা গ্যাস সিলিনন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ধরে যাওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাসায়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। কিন্তু তার আগেই দগ্ধ হন ওই চারজন।

দগ্ধ সাহিদের ভাতিজা রাজিব জানান, বাড্ডা নতুন বাজারের বেরাইদ এলাকায় থাকেন তার চাচা। ওই বাসায় মঙ্গলবার (২২ মার্চ) রাত আড়াইটার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে এ ঘটনা ঘটে।

এমআর