গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে জিরানী এলাকায় দুই যুবক এবং মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার একটি আঞ্চলিক সড়কে এক যুবক নিহত হয়।
জিরানী এলাকায় নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশের ধারণা বাস থেকে পড়ে এদের মৃত্যু হয়েছে। এরা শ্রমিক।
শ্রীপুরে নিহত যুবকের নাম কফিল উদ্দিন (২২)। তার বাড়ি শ্রীপুরের কেওয়া পশ্চিমখন্ড এলাকায়।
কোনাবাড়ি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু দাউদ জানান, গাজীপুরে জিরানী এলাকায় বাস থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ও ২৫ বছর। পরনে একজনের কালো জিন্সের প্যান্ট ও গেঞ্জি এবং অপর জনের এস কালারের জিন্সের প্যান্ট এবং সাদা কালারে শার্ট রয়েছে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে এরা ওই এলাকার কোন গার্মেন্টেসে চাকরি করত।
শ্রীপুর থানার ডিউটি অফিসার এসআই মুজিবুর রহমান জানান, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে শ্রীপুরের মাওনা- শিমলাপাড়া সড়কের পিয়ার আলী কলেজের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মুরগিবাহী গাড়িচাপা দিলে ঘটনাস্থলেই কফিল উদ্দিন মারা যায়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মুরগিবাহী গাড়িটি আটক করা হয়েছে।
এমকে





