সিরাজগঞ্জ পৌর এলাকার রানিগ্রামে গোলাম মোস্তফা (৩৬) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়েছে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আহত গোলাম মোস্তফা সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রানিগ্রাম মহল্লার একটি চায়ের দোকানে বসে স্থানীয় কিছু লোকজনের সাথে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের যৌক্তিকতা নিয়ে আলোচনা করছিল গোলাম মোস্তফা। আলোচনার এক পর্যায়ে সেখানে উপস্থিত স্থানীয় কিছু লোকজনের সাথে তার বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মোস্তফাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করে তারা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেএ





