পবিত্র রমজান মাসকে সামনে রেখে কেউ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল।

আজ শনিবার ঢাকা চেম্বার মিলনায়তনে ‘রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক ভূমিকা’শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এই মতবিনিময় সভার আয়োজন করে।

ডিসিসিআই সভাপতি হোসেন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া, ডিসিসিআই জ্যেষ্ঠ সহসভাপতি হুমায়ুন রশিদ, এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোতালেব, মৌলভীবাজার পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. গোলাম মাওলা, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মজিবুর রহমান প্রমূখ বক্তব্য দেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

চাঁদাবাজি বন্ধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কঠোর ব্যবস্থা গ্রহণ করায় চাঁদাবাজি অনেক কমে গেছে। তবে তা শূন্যে নেমে এসেছে, এটা আমি দাবি করবো না। রমজান উপলক্ষে পুলিশ-বিডিআরসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবসায়ীদের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।’

তিনি রমজান মাসজুড়ে পণ্য মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চান।

চাঁদাবাজিসহ যেকোন ধরনের অপরাধ ঠেকাতে ব্যবসায়ীদের নিজ নিজ এলাকায় ক্যামেরা বসানোর পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এমই