খালেদা জিয়ার ডাকা লাগাতার অবরোধের মাঝে সিলেটে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর বিএনপি।

অবরোধের সমর্থনে বুধবার সকালে শহরের চৌহাট্টা এলাকায় এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতার ও অবরোধ চলাকালে সিলেটে বিএনপির মিছিলে ‘পুলিশের বাধার’ প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগরে এ হরতাল চলবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, অবরোধের মধ্যে সকাল থেকে সিলেটে কোনো গোলযোগের খবর তারা পাননি। নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে বিজিবি ও র‌্যাব।

এদিকে টানা অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা বাস টার্মিনালে দাড়িয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান, অবরোধের কারণে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় বগি ও আসন কম থাকায় যাত্রীরা টিকেট পাচ্ছেন না।

জেআই