যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম ফিরোজ চৌধুরী (২১)। তিনি খুলনা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
মঙ্গলবার দুপুরে যশোর-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফিরোজের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার দূর্গাবরকাঠি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে ফিরোজ ও নূর আলম মোটরসাইকেলে করে যশোর শহর থেকে চৌগাছার দিকে যাচ্ছিলেন। চূড়ামনকাঠি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফিরোজ নিহত হন। আর নূর আলমকে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিত্সা চলছে। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ গণি মিয়া বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এমএইচ





