ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিক্ষোভে নিহতের ঘটনার প্রতিবাদে আগামীকাল রোববার ডাকা হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে মুসল্লি নিহতের প্রতিবাদে আগামীকাল (২৮ মাার্চ) রোববার ডাকা হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।
শনিবার (২৭ মার্চ) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
হেফাজত ইসলামে বাংলাদেশের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী বলেন, “আগামীকাল রোববার সকাল-সন্ধ্যাস শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে। যদি এই হরতালে আওয়ামী লীগের হেলমেট বাহিনী বা আওয়ামী লীগ কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, “স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল আমাদের যত অনুষ্ঠান ছিল, সব বাতিল করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের পেটোয়া বাহিনী নিরীহ জনগণের ওপর বর্বর হামলা করেছে। এর হিসাব আওয়ামী লীগকে দিতে হবে।”
এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের সব নেতাকর্মীদের উদ্দেশে মামুনুল হক বলেন, “আগামীকাল আমরা শান্তিপূর্ণ হরতাল করব।”
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা ফজলুর রহমান কাসেমী, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা হাসান জামিল, মাওলানা মূসা বিন ইজহার, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মুহিব খান, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা সুলতান মুহিউদ্দিন, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ইলিয়াস হামিদী, অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা আবু তাহের খান, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা মুহসিনুল হাসান প্রমুখ।
এদিকে শনিবার বিকেল পৌনে ৩টার দিকে ফের হেফাজত ইসলাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। হেফাজতের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। এছাড়া র্যাব ও বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন মসজিদ এলাকায়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল (২৬ মার্চ) শুক্রবার দুই দিনের বাংলাদেশে সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, যাত্রাবাড়ীতে, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সংঘর্ষ হয়। চট্টগ্রামে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হয়।
এমবি





