গাজীপুরের কোনাবাড়ী ও শ্রীপুরে মঙ্গলবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিকদের বরাত দিয়ে কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে ডিভাইন টেক্স লিমিটেড কারখানার শ্রমিক নছিমন আক্তার (২৫) কারখানায় যাচ্ছিলেন। কোনাবাড়ী পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শিল্প পুলিশ, কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ও কোনাবাড়ী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরা ছত্রভঙ্গ হলে সকাল ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে পরিস্থিতি শান্ত রাখতে কর্তৃপক্ষ কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে।
ওসি আরও জানান, নসিমন লালমনিরহাটের রায় গোপাল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে শ্রীপুরে ভিনটেক ডেনিম নামক পোশাক কারখানার সুইং অপারেটর মাজহারুল ইসলাম (৩২) সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় নিহত হন। এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুর করে।
মাজহারুল ইসলাম শ্রীপুর পৌরসভা এলাকার বাসিন্দা।
শ্রীপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহসিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এরপর যান চলাচল স্বভাবিক হয়।
এএইচ





