ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিক্ষোভে ঢাকা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে আজ (২৮ মার্চ) রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
আজ (২৮ মার্চ) রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
ঢাকার পূর্বাঞ্চলের প্রবেশপথ সাইনবোর্ডের সানারপাড়ে সড়ক অবরোধ করেছে মাদ্রাসা ছাত্ররা। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে বিক্ষোভ করে। এতে যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের দূরপাল্লার যান চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে, রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় মিছিল বের করে সড়ক অবরোধ করেছে মাদ্রাসার ছাত্ররা। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এসময় পুলিশ তাদের বাধা দেয়।
ওদিকে, সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা। এপিসি জলকামান নিয়ে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা।
এদিকে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, যারা এই হরতালের নামে বিক্ষোভ, মিছিল সমাবেশের নামে নাশকতার চেষ্টা করবে, জ্বালাও-পোড়াও করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। কেউ যদি যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে, জানমালের ক্ষতির চেষ্টা করে, থানায় হামলা বা আগুন দেয়ার চেষ্টা করে তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র্যাব সদর দফতর সব ব্যাটালিয়নকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি র্যাব সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পর্যবেক্ষণ শুরু করেছে। কেউ হরতালের নামে সহিংসতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, হেফাজতে ইসলামের হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল।
এছাড়া হেফাজতের ডাকা হরতালে আনুষ্ঠানিক সমর্থন না জানালেও বিষয়টিকে যৌক্তিক বলে আখ্যায়িত করেছে বিএনপি।
অন্যদিকে, হেফাজত হরতালের নামে যাতে কোনো নাশকতা ও সহিংসতা চালাতে না পারে, সে জন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
এছাড়া হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় শনিবার (২৭ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং রোববার (২৮ মার্চ) হরতাল ডাকে হেফাজতে ইসলাম।
এমবি





