রাজশাহীতে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে জোহরা বেগম (৪৫) নামে এক নারী দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। এসময় আহত হয়েছেন পুত্রবধূ রুমি।
বুধবার (০৩ অক্টোবর) রাতে তানোর উপজেলার জিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জোহরা একই এলাকার তফির উদ্দিনের মেয়ে।
সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত জিদপুর গ্রামে জোহরা বেগমের বাড়িতে প্রবেশ করে তার ছেলে জাহাঙ্গীরের স্ত্রী রুমি খাতুনকে (২৪) হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এসময় রুমির শাশুড়ি জোহরা বেগম বাধা দিলে দুর্বৃত্তরা তার ওপরও ঝাঁপিয়ে পড়ে। দুর্বৃত্তরা জোহরা বেগমের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘটনার সময় জোহরার ছেলে কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জে ছিলেন।
এলাকাবাসী আক্রান্তদের চিৎকার শুনে ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই জোহরা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পুত্রবধূ রুমি খাতুনকে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, জোহরা বেগমের সঙ্গে তার স্বামী হেলাল উদ্দিনের বিচ্ছেদ হওয়ায় তিনি ছেলে জাহাঙ্গীরের সঙ্গে বসবাস করতেন। তবে কী কারণে খুন হয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ওসি আরও জানান, জোহরা বেগমের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ (বৃহস্পতিবার) রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।
এমবি





