চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত যুবকের নাম আসাদুল ইসলাম (৩০) বলে জানা যায়।
রোববার সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসাদুল গোমস্তাপুর উপজেলার যশোইল গ্রামের ইন্তাজ আলীর ছেলে। তিনি শুক্রবার থেকে নিঁখোজ ছিলেন।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুজিবর রহমান জানান, সকালে আসাদুলের দুই সহযোগী সীমান্ত সংলগ্ন একটি জলাশয় দিয়ে নৌকায় করে মৃতদেহটি নিয়ে আসছিলেন। এসময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে মৃতদেহ ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় তার মুখ ফোলা ও শরীরের বিভিন্ন স্থানে পোড়ার (ফোসকা) দাগ ছিল। তবে কিভাবে তিনি মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
মুজিবর রহমান আরো জানান, নিহতের ভাই রবিউল ইসলাম বিজিবিকে জানিয়েছেন, আসাদুল কৃষিকাজের পাশাপাশি গরু চোরাচালানের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





