স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আসন্ন পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করবেন বলে মন্তব্য করেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৌরসভা নির্বাচন কোনো একটি প্রতিষ্ঠান বা মন্ত্রনালয়ের নয়, এটি নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য র্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, এমনকি সেনাবাহিনীও নামাতে পারেন।
তিনি বিএনপির নেতৃবৃন্দের বক্তব্যকে ইঙিত করে বলেন, যাঁরা বলছেন ভোটার নয়, পুলিশ ভোট দেবে, তারা অযৌক্তিক বক্তব্য দিয়েছেন। ইতিপূর্বেও নিরপেক্ষ ভোট হয়েছে; ভবিষ্যত্যেও সুষ্ঠু নির্বাচন হবে। কোনো রকম সংঘাত হবে না। সুন্দর ভোট হবে। ফেসবুক কবে খুলবেন এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রুত ফেসবুক খোলার জন্য আমরা চিন্তা ভাবনা করছি।’
সাগরমোহনা, মেঘনা নদী ও উপকূলীয় বনাঞ্চলকে বিশেষ নিরাপত্তা প্রদানের প্রশ্নে মন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ ও কোস্টগার্ডকে ঢেলে সাজানো হবে, মেঘনা, সাগর ও সাগর মোহনার সন্ত্রাস ও দস্যুতা কমানোর ক্ষেত্রে দ্রুতগামী নৌযান প্রদান করা হবে। আমরা মনে করি একজন সাধারন জেলে, কামার, কুমার ও ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে ২০২১-২০৪৭ ভিষনে যেতে কোনো সমস্যা হবে না।’
এমএ





