দুর্নীতি দমন কমিশনের উপর দুই ধরনের চাপ থাকায় তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না বলে মন্তব্য করে বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

প্রথমত, তাদের উপর সরকারি চাপ থাকায় তারা স্বাভাবিক কাজ করতে পারে না। দ্বিতীয়ত, তাদের কর্ম শিথিলতা রয়েছে।’

শনিবার বিকেলে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের হল রুমে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে ‘বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: স্থানীয় পর্যায়ে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, আমাদের দুই নেত্রীর নেতিবাচক সম্পর্কের প্রভাব জাতীয় জীবনেও পড়েছে। বড় বড় দুর্নীতিবাজদের যথাযথ শাস্তি না হওয়ায় দুর্নীতি কমছে না। রাজনীতির সাথে ব্যবসা যুক্ত হওয়ায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দুর্নীতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় কোন সরকারই তার নির্বাচনী অঙ্গীকার পরোপুরি পালন করছে না। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করছে না।’

সনাক সভাপতি খান মো. শহীদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের সম্পাদক ফজলুল হক প্রমুখ।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ