তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ৪ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২৯ জুন) মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার স্পেশাল পিপি নজরুল ইসলাম শামীম অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৪ আগস্ট দিন নির্ধারণ করেন।
গত ২৫ মে প্রবীর সিকদার সাইবার ট্রাইব্যুনালে পূর্বশর্তে জামিন পান। এর আগে তিনি ফরিদপুর আদালত থেকেও জামিনে ছিলেন। তাকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল।
২০১৫ সালের ১৬ আগস্ট প্রবীর সিকদারের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। সেই রাতেই প্রবীর সিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।
মামলায় অভিযোগ করা হয়, প্রবীর সিকদার গত ১০ আগস্ট তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যার শিরোনাম ছিল, ‘আমার জীবনের শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন।’ শিরোনামের নিচে তার মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন এমন তিনজন ব্যক্তির মধ্যে এক নম্বরে আছেন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নাম।
বাদী অভিযোগ করেন, প্রবীর সিকদার ইচ্ছাকৃতভাবে মোশাররফ হোসেন সম্পর্কে অসত্য লেখা লিখে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এতে মন্ত্রীর মানহানি হয়েছে। যা একটি ফৌজদারি অপরাধ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধীরা প্রবীর সিকদারের বাবাসহ তার পরিবারের ১৪ জনকে হত্যা করে। ২০০১ সালে জনকণ্ঠ পত্রিকার ফরিদপুর প্রতিনিধি থাকাকালে রাজাকারদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন লেখার পর সন্ত্রাসীদের হামলায় তাকে একটি পা হারাতে হয়। এরপর থেকে তিনি কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করছেন।
ওএফ





