সীমান্তে যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য দ্রব্যের চোরাচালান এবং মানববাচার বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় বিজিবির কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আশা করব আপনারা নিয়মনীতি মেনে, শৃঙ্খলার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আপনারা দেশের সীমান্ত রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন।’
শেখ হাসিনা বলেন, বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। এ বাহিনীর সদস্যরা শুধু সীমান্ত রক্ষা নয়, তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এবং দেশের প্রয়োজনে যেকোনো সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মিয়ানমার থেকে বাংলাদেশে আসা কয়েক লাখ রোহিঙ্গার থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করার কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, চোরাচালান, মাদক, সন্ত্রাস, অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে বন্ধ করবেন। এ ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে এখন আমাদের দেশ উন্নয়নের রোল মডেল। এই দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, সরকার সবার সুযোগ-সুবিধা-বেতন বাড়িয়েছে, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
তিনি বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এই অর্জন এসেছে। আমি চাই আপনারা দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কাজ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় পিলখানা সদর দফতরে উপস্থিত হন। পরে পিলখানায় বিজিবি সদর দফতরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এএস





