ইসলামী ছাত্র শিবিরের গুপ্তচরের অভিযোগে পিযুষ কান্তি বর্মণ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক বহিষ্কৃত নেতাকে পিটিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের সামনে তাকে পেটানো হয়।

হামলার শিকার ছাত্রলীগের ওই নেতার নাম পিযুষ কান্তি বর্মন। তিনি বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় ২০১৩ সালের ২০ আগস্ট পিযুষকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। এর পরও তিনি ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতেন। একই বছরের ৩১ আগস্ট ছাত্রশিবিরের এক নেতার সঙ্গে তার কথোপকথনের অভিযোগ আনে ছাত্রলীগ। এরপর তিনি ক্যাম্পাস ছেড়ে চলে যান।

দীর্ঘদিন পর বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে আসেন পিযুষ কান্তি বর্মন। দুপুরে খালেদা জিয়া হলের সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার দিচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মীরা তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

সিক্সটি নাইনের নেতা ও ছাত্রলীগের বিলুপ্ত কমিটির অর্থ সম্পাদক আবু কাইজার বলেন, ‘পিযুষ শিবিরের এজেন্ট। সে দীর্ঘদিন পর পুনরায় শিবিরের সঙ্গে আঁতাত করতে ক্যাম্পাসে আসলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে ধাওয়া দেয়।’

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, ‘একজনকে মারধর করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিযুষকে উদ্ধার করে।

এ প্রসঙ্গে জানতে পিযুষের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

জেএ