রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে রাজধানীর সড়কগুলো একেবারে ফাঁকা হয়ে পড়েছে। যেন ঈদের আমেজ। যান ও জনজটের রাজধানী একমাত্র দুটি ঈদের সময়ই কোলাহলহীনতার ভিন্ন আমেজে ধরা দেয়। নগরবাসী সেই আমেজ পাচ্ছে বহুল প্রতীক্ষিত ভোটের আগের দিন (২৯ ডিসেম্বর, শনিবার)।

শনিবার রাজধানীর পল্টন, মতিঝিল, জিরো পয়েন্ট, যাত্রাবাড়ী, ডেমরা, টিকাটুলী, সায়েদাবাদসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। বাস চলাচল করছে খুবই কম, হাতে গোনা কয়েকটি। তাও যাত্রী পাচ্ছে না বাসগুলো। সিএনজি চালিত অটোরিকশা ও রিকশাও তেমন চোখে পড়ছে না রাজপথে।

Dhaka

রাজধানীর শ্যামলী যাওয়ার জন্য যাত্রাবাড়ীতে গাবতলী পরিবহনে (২২/বি) দশ মিনিটের মতো বসে থেকে রাগ করে একযাত্রী নেমে যান। তিনি বলেন, ‘যাত্রী নাই, তাও বসে আছে গাড়ি। কতক্ষণ বসে থাকা যায়? নেমে গেলাম। অন্য গাড়িতে যে যাব, তাও তো দেখছি না।’

গাবতলী পরিবহনের এক চালক বলেন, ‘আইজ (আজ) আমগো গাড়ি কম, যাত্রী আরও কম। অনেকক্ষণ বইয়া (বসে) থাকলেও গাড়ি অর্ধেকও ভরে না। যাত্রী ছাড়া টানলেও তো মামা আমগো পোষাইব না।’ 

সকাল সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে কোনো ট্রাফিক পুলিশকে পাওয়া গেল না। পরে দেখা গেল পোস্তগোলা যাওয়ার সড়কের মুখে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের কনস্টেবল ও সার্জেন্টরা গল্প করছিলেন। তাদের কয়েকজন সড়কের পরিস্থিতি জানালেও নাম প্রকাশ করতে চাননি। তারা জানান, লোকাল বাস ৫ শতাংশের বেশি চলছে না। আর কোনো দূরপাল্লার গাড়ি চলাচল করছে না। তাই রাস্তা একেবারেই ফাঁকা।

Dhaka

বেলা ১১টার দিকে মতিঝিল ও শাপলা চত্বর ছিল প্রায় যানবাহন শূন্য। এখানে ট্রাফিক পুলিশ সড়কের পাশে বসে আছেন। কর্মব্যস্ত পল্টন, দৈনিক বাংলা ও জিরো পয়েন্টেরও একই অবস্থা। কিছুক্ষণ পর পর সাঁই সাঁই করে চলে যাচ্ছে বাস।

পুরানা পল্টন পুলিশ বক্সে বসে ট্রাফিক ইন্সপেক্টর ও আর্জেন্টরা বসে আড্ডা দিচ্ছেন। একজন সার্জেন্ট বলেন, যানবাহন চালাচল করছে ঈদের চেয়েও কম। কারণ, ঈদের সময় তো কিছু মানুষ তাও ঢাকায় ঈদ করে কিন্তু এখন তো মনে হয় লোকজন সব ভোট দিতে গ্রামে চলে গেছেন। 

মতিঝিল থেকে মিরপুর চিড়িয়াখানা রুটে চলাচলকারী নিউ ভিশন পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১৭৮৮৫) চালক সোহেল মিয়া মতিঝিল শাপলা চত্বর এলাকায় বলেন, ‘নিউ ভিশন পরিবহনের ৪০ থেকে ৫০টি গাড়ি প্রতিদিন চলাচল করে কিন্তু আজকে এর এক ভাগও চলছে না। যাও চলছে যাত্রী পাওয়া যাচ্ছে না।’

Dhaka

অন্য সময় মতিঝিল থেকে চিড়িয়াখানা যেতে ৩ ঘণ্টা লাগলেও এখন মাত্র ৩০ মিনিটেই মিরপুর যাওয়া যায় বলে জানান চাল সোহেল।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনের রাস্তায় রিকশা নিয়ে বসেছিলেন মো. বাবু। তিনি বলেন, ‘আধা ঘণ্টা ধরে বইসা রইছি, কোনো খ্যাপ নাই। আইজ তো ঈদের দিনের চাইতেও অবস্থা খারাপ। সকাল ৭টায় মানিকনগরের গ্যারেজ থাইক্যা রিকশা লাইয়া বের হইছি। ৫০ টাকাও কামাইতে পারিনাই। মালিকের ১১০ টাকা জমা তো খাড়া রইছে।’ 

গুলিস্তান মতিঝিলসহ বিভিন্ন স্থানে ফুটপাতে হকারদেরও দেখা যায়নি। গুলিস্তারের ফুটপাতে হকারদের ক্রিকেট খেলতে দেখা গেছে।

Dhaka

রোববার (৩০ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আজ শনিবার দিনগত মধ্যরাত ১২টা থেকে রোববার দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত বেবি ট্যাক্সি/অটো রিকশা/ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু, স্থানীয় পর্যায়ে যন্ত্রচালিত বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া গতকাল শুক্রবার দিনগত রাত ১২টা থেকে মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এই নিষেধাজ্ঞা ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।