কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একটি তুলাবাহী ট্রাকে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা।
বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বাড়েরা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ট্রাকের চালক সালেহ্ আহাম্মদ জানান, চট্টগ্রাম থেকে তুলাবাহী ট্রাকটি নিয়ে হবিগঞ্জ যাওয়ার পথে ভোরে মহাসড়কের বাড়েরা এলাকায় পৌঁছালে হরতাল সমর্থকরা ঝটিকা মিছিল থেকে ট্রাকে আগুন লাগিয়ে দেয়।
আগুনে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
দেবিদ্বার থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





