খুলনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত বৈঠক মঙ্গলবার বিকাল ৩টায় শুরু হয়েছে। বিজিবি অতিরিক্ত মহাপরিচালক মো. লতিফুল হায়দারের নেতৃত্বে ১৯ সদস্যর প্রতিনিধিদল সম্মেলনে যোগ দিয়েছেন।
বাংলাদেশ দলে বিজিবি সাউথ-ওয়েস্ট রিজিয়ন যশোরের কমান্ডার, নর্থ ওয়েস্ট রিজিয়নের কমান্ডার, বিজিবি দক্ষিণ-পশ্চিম ও উত্তর পশ্চিম রিজিয়নের সংশ্লিষ্ট সেক্টর কমান্ডাররা, বিজিবি স্টাফ অফিসার, স্বরাষ্ট্র, পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন।
অপরদিকে বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী সঞ্জীব কৃশনান সুদের নেতৃত্বে ১৮ সদস্যর ভারতীয় দলে সম্মেলনে অংশ নিয়েছেন। ভারতীয় প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বিএসএফ গৌহাটি ও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সংশ্লিষ্ট সেক্টরের ডিআইজি, ফ্রন্টিয়ার ও সেক্টর পর্যায়ের স্টাফ অফিসাররা ছাড়াও ভারতীয় পররাষ্ট্র ও স্বরাষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন।
সম্মেলনে আলোচ্য বিষয়ের মধ্যে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের গুলি, হত্যা, সীমান্তে বাংলাদেশীদের আটক, অপহরণ, প্রহার বন্ধ, সীমান্ত পিলার রক্ষণাবেক্ষণ এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হবে।
সম্মেলন শেষে ১৪ নভেম্বর তারিখে বিএসএফ প্রতিনিধিদল ভারতে ফিরে যাবে।
জেআই





