রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজতে ইসলামের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো মামলার গতিতেই চলবে। সচিবালয়ে গতকাল জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে জঙ্গিবাদের অর্থায়ন খুঁজে বের করতে ব্যাংকের সন্দেহভাজন অ্যাকাউন্ট ও ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ ব্যয়ের হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। এ ছাড়া জঙ্গি তৎপরতায় জড়িত শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে জঙ্গি সংক্রান্ত পোস্টগুলোতে নজরদারির সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
আরও সিদ্ধান্ত হয়, যেসব নাগরিক অবৈধভাবে বিদেশে গিয়ে ফেরত এসেছে এবং রোহিঙ্গাদের সঙ্গে জঙ্গি তৎপরতার কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখবে গোয়েন্দা বাহিনী। এ ছাড়া জঙ্গিবাদের বিভিন্ন মামলায় জামিনে থাকা আসামিদের ফেরত আনতে তাদের জামিনদারদেরও তাগাদা দেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব ড. কামাল উদ্দিন আহমেদ (জননিরাপত্তা বিভাগ) ও ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী (সুরক্ষা সেবা বিভাগ), র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, আনসারের মহাপরিচালক মিজানুর রহমান, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ সংশ্লিষ্ট ৯টি মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জারিফ





