ভারতের নয়াদিল্লিতে ‘ঠাকুর পিস অ্যাওয়ার্ড-২০১৮’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুধা, দারিদ্র্য আর দুর্নীতির বিরুদ্ধে অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
স্থানীয় সময় শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় নয়াদিল্লির হোটেল তাজমহলে প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেয় কলকাতাভিত্তিক সংস্থা দ্য এশিয়াটিক সোসাইটি।
‘ঠাকুর পিস অ্যাওয়ার্ড’ হচ্ছে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে দেয়া একটি পুরস্কার।
ভারত সরকার ২০১২ সালে এই পুরস্কার প্রবর্তন করে। সাংস্কৃতিক সম্প্রীতির মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি, সমিতি, প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়।
ঠাকুর পিস পুরস্কার মনোনয়নের ক্ষেত্রে সাধারণত পূর্ববর্তী ১০ বছর সময়কালের অবদানগুলো বিবেচনা করা হয়। ২০১২ সালে প্রথম ঠাকুর পিস পুরস্কার প্রদান করা হয়েছিল।
প্রথম ঠাকুর পিস পুরস্কার পান ভারতের আধ্যাত্মিক নেতা রবি শঙ্কর। দ্বিতীয়বার ২০১৩ সালে এই পুরস্কার পান ভারতের জুবিন মেহতা। এবার পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের সফরে ভারত যান।
শনিবার (০৫ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে হায়দরাবাদ হাউজে অনুষ্ঠিত হয় ঢাকা-নয়াদিল্লির মধ্য দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শেষে তাদের উপস্থিতিতেই ৭ চুক্তি সই হয়। এসময় দুই দেশের সরকার প্রধান ৩টি যৌথ প্রকল্পের উদ্বোধন করেন।
বৈঠকে সই হওয়া সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের ফেনী নদী থেকে পানি প্রত্যাহার করতে পারবে ভারত।
এমবি





