নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বেগম খালেদা জিয়া ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি। এবার আপনি ফাঁদে পড়েছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, যে দানব মানুষ হত্যা করে, মানুষের রক্ত চুষে খায়। তার বাইরে থাকার কোনো অধিকার নেই। তাকে অবিলম্বে গ্রেফতার করে দেশের মানুষকে রক্ষা করুন। ২০ দলীয় জোট ও তাদের দোসররা দেশ অস্থিতিশীল করতে কী ধরনের ষড়যন্ত্র করছে, তা মান্নার কথায় প্রকাশ পেয়েছে। তাই ষড়যন্ত্রকারী যেই হোক না কেন, তাদের শাস্তি ভোগ করতে হবে।

রাজশাহী বিভাগীয় বাস-ট্রাক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে বুধবার বিকেলে পরিবহনে জ্বালাও-পোড়াও বন্ধের দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, আসুন বাংলাদেশের মানুষকে রক্ষা করি। যে পরিবহন শ্রমিক বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে তাদের পাশে দাঁড়াই। যারা পেট্রোলবোমা মারছে তাদের ধরিয়ে দেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। যাতে বাংলাদেশ থেকে পেট্রোলবোমার রাজনীতি চিরতরে স্তব্ধ হয়ে যায়। আমরা জামায়াত-শিবিরকে বাংলার মাটিতে কবর রচনা করতে চাই।

মন্ত্রী শাজাহান খান বলেন, ’৭১ সালের স্বাধীনতার যুদ্ধে পাক-হানাদাররা বাঙালীকে গুলি করে মারত। আর এখন তাদের দোসররা পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।’

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান একটি গানের লাইন টেনে বেগম খালেদা জিয়া ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্নাকে উদ্দেশ করে বলেন, ধরা পড়েছে খালেদা জিয়া ও মান্না রঙিলা জালে। এ জাল থেকে তারা পালাতে পারবে না।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, নবম ও দশম সংসদের যা অর্জন তা জামায়াত-শিবির জোট নষ্ট করতে চায়। কিন্তু তা সম্ভব হবে না। এ দেশের মানুষ তাদের পরিকল্পনা বুঝতে পেরেছেন।’

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন রবির পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

জেআই