ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট বর্জনের মধ্যে গুরুত্বপূর্ণ তিন সিটি করপোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই মেয়র নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার দিনভর ভোটগ্রহণের পর ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন এবং চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
এই তিনজনই প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হলেন।
মঙ্গলবার ভোটের মাঝখানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রায় সব কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ঘোষণা দেয় বিএনপি। একই অভিযোগ তোলে বাম দলগুলোও।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, জনমত বিপক্ষে জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভোট বর্জন করেছে।
প্রধান দুই দলের এমন পাল্টাপাল্টি অবস্থানে ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। তিনটি কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় ভোট বাতিল হয়েছে।
ফলাফল মেনে নিয়ে প্রার্থী ও সমর্থকদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবার প্রতি অনুরোধ জানান সিইসি।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে তিন সিটি করপোরেশন।
অন্তত ২০টি কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া গেলেও ঢাকা দক্ষিণের তিনটি কেন্দ্রেই কেবল ভোট স্থগিত হয়েছে।
এ তিন সিটিতে ভোটের মধ্য দিয়ে দেশের সব সিটি করপোরেশনে বর্তমানে নির্বাচিত মেয়র হল।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন
মোট ৭১৯টি কেন্দ্রের সবগুলোর ঘোষিত বেসরকারি ফলাফলে হাতি প্রতীক নিয়ে নাছির পেয়েছেন ৪,৭৫,৩৬১ ভোট।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী নির্বাচন বর্জন করা বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম কমলা লেবু প্রতীকে পেয়েছেন ৩,০৪,৮৩৭ ভোট।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।
১০৯৩ কেন্দ্রের ঘোষিত ফলে টেবিল ঘড়ি প্রতীকে আনিসুল পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল বাস প্রতীকে পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট কেন্দ্রের সংখ্যা ১০৯৩টি। অনিয়মের অভিযোগ থাকলেও কোনো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।
৮৮৯টির মধ্যে ৮৮৬ কেন্দ্রের ঘোষিত ফলে ইলিশ প্রতীকের সাঈদ খোকন পেয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস মগ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট।
গোলযোগের কারণে তিনটিতে ভোটগ্রহণ স্থগিত হলেও ওই সব কেন্দ্রের ভোটের যোগফল দুই প্রার্থীর ব্যবধানের চেয়ে কম হওয়ায় রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকনকে বিজয়ী ঘোষণা করেন।
এএইচ





