বৃহস্পতিবার সকালে দু’দফা প্রবল বর্ষণে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস ও আশপাশ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পানিতে তলিয়ে যায়। প্রায় হাটু পানির কারণে ওই মহাসড়কে সকাল থেকেই যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীরা পড়েন ভোগান্তিতে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। এতে গাড়ির চাপ বেড়ে মহাসড়ক ও ঢাকা-বাইপাস সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে গাজীপুরের পুলিশ, ট্রাফিক পুলিশ ও মহাসড়ক পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে থাকলেও যানজট পরিস্থিতি অপরিবর্তিত রয়ে যায়।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় গাড়ি চলাচল করছে ধীর গতিতে। তার ওপর রয়েছে যানবাহনের চাপ।

স্থানীয়রা জানান, ভোগড়া, বাসন, আধেপাশা, আউচপাড়া এলাকায় পানি নিষ্কাষণ ও বর্জ্য অপসারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিবছরই বর্ষা মৌসুমে পানি জমে যায় এবং মহাসড়ক পানিতে তলিয়ে যায়। পানি নেমে যাওয়ার জন্য সম্প্রতি ড্রেনের ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত হয় নি।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান জানান, প্রতিবছরই বর্ষায় এ সমস্যা হচ্ছে। ফলে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরন জানান, পানি সরানোর জন্য তাদের কর্মীরা কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

জেআই