চলন্ত ট্রেনের নিচে পড়ে একজন ট্রেন টিকিট পরীক্ষকের (টিটিই) দুই পা কাটা পড়েছে। রোববার বিকেল ৪টা দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে এ দূর্ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহননগর গ্রামের আব্দুল মজিদের ছেলে মিঠু মোল্লা (২৭) বেসরকারি খাতে পরিচালিত একটি ট্রেনে টিকিট পরীক্ষক (টিটিই) পদে চাকরি করেন।

তিনি খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘৫০ আপ মহানন্দা’ ট্রেন থেকে কোটচাঁদপুর স্টেশনে নামেন। পরক্ষণে ট্রেন ছেড়ে দিলে টিটিই মিঠু মোল্লা দৌড়ে উঠতে যান। এ সময় গেটের হাতল থেকে হাত ফসকে তিনি ট্রেনের নীচে চলে যান।

এতে মিঠু মোল্লার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তাররা তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

হাবিব/নাজিব