আজ শুক্রবার ছুটির দিনে নাটোরসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় মোট ৯ জন নিহত হয়েছে। এতে প্রায় ৪০ জনের মতো আহত হয়েছে।
হতাহতদের মধ্যে ফেনীতে ২ জন, ময়মনসিংহে ৪ জন এবং নাটোরে ৩ জন নিহত হয়। আহতদের মধ্যে ময়মনসিংহ ও ফেনীতে প্রায় ৪০ জন।
ফেনী:
ফেনীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই জন নিহত হয়েছে। শুক্রবার ভোরে ফেনীর ছনুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে হতাহতদের নাম জানাতে পারেনি পুলিশ। নিহত দুইজনের লাশ ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহত ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
জানা গেছে, কভার্ডভ্যানের ধাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে কভার্ডভ্যানে চালক ও সহকারীসহ তিনজন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক দুইজনকে মৃত ঘোষণা করে।
ময়মনসিংহ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ওই সাইকেল আরোহী এবং বাসের তিনযাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রহোসেনপুর ভুইয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ঈশ্বরগঞ্জের জাতিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার খাঁর ছেলে সাইকেল আরোহী রতন মিয়া (২৮), বাসের যাত্রী নান্দাইলের বাসিন্দা হাবিব মিয়া (৩৫) ও জামালপুরের বাসিন্দা হাসিনা খাতুন (৭৫)।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহফুজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো -ব-১১-৩৬৪৬) সকাল সাড়ে ১০টার দিকে চরহোসেনপুর ভুইয়া ফিলিং স্টেশনের কাছে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ৩৮ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও এক নারী এবং ওই সাইকেল আরোহীসহ তিনজনের মৃত্যু হয়। আহত অন্যদের ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর:
নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে যাত্রীবাহী বাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি বাসটির ভেতর ঢুকে গেলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। এসময় গ্যাসচালিত বাসটির সিলিন্ডার বিস্ফোরণ হলে বাসটিতে আগুন ধরে যায়। পরে দ্রুত ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
জেড





