লন্ডনের বার্মিংহামে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত যুবক মো: লিচু মিয়া নিহত হয়েছেন। গত ২৩ জানুয়ারি শনিবার রাতে (রাত প্রায় ১টায়) কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি ওই দূর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৩৫ বছর বয়সী রেস্টুরেন্ট কর্মী লিচু মিয়া বার্মিংহামের ইয়ার্ডলির পপলার রোড়ের প্রিমরোজ এভিনিউতে বসবাস করতেন। তাঁর বাংলাদেশের বাড়ি সিলেটের জগন্নাথপুর উপজেলার বলবল গ্রামে।

তাঁর বাবা জগন্নাথপুরের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান নেক্সট সুপার ষ্টোরের স্বত্বাধিকারী মোঃ উস্তার মিয়া। লিচু মিয়ার সন্তানসম্ভবা স্ত্রী ছাড়াও ৬ বছর বয়সী এক ছেলে এবং ৩ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় মোঃ লিচু মিয়া তাঁর রেষ্টুরেন্টের অন্য তিনজন ষ্টাফসহ ২৩ জানুয়ারি শনিবার রাতে কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে একটি জংশনে বিপরীতমুখ থেকে প্রাইভেট কার একটি লরীকে ওভারটেক করে অপর লেনে থাকা মোঃ লিচু মিয়ার গাড়িকে মুখোমুখি আঘাত করে।

এতে চালকের আসনে থাকা লিচু মিয়া মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সাথে থাকা অপর তিনজনও আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মাত্র কিছু দিন আগে লিচু মিয়া বার্মিংহামের নিকটবর্তী টেলফোর্ডের নিউপোর্টের ২/৪ হাই স্ট্রীটে টেষ্ট অফ প্যারাডাইস নামে রেষ্টুরেন্টটি ক্রয় করে ব্যবসা শুরু করেন।

এমকে