রাজশাহী নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, নগরীর হেতেম খাঁ সবজিপাড়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে সোহেল রানা (৩০) ও শালবাগান এলাকার আব্দুর রহিমের স্ত্রী হাবিবা বেগম (৫০)।
রামেক দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার বেলা ১১টার শালবাগান এলাকায় রাস্তা পার হতে গিয়ে হাবিবা বেগম অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
এছাড়া শনিবার গভীর রাতে নগরীর বোসপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন সোহেল।
স্থানীয়রা তাকে রাতেই হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার ভোর সাড়ে ৫ টায় মারা যান।
আইনগত প্রক্রিয়া শেষে স্বজনরা নিহতদের লাশ নিয়ে গেছেন বলে জানান হাফিজুর রহমান।
কেএইচ





