মতিউর রহমান নিজামীসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে শাহবাগে অবস্থান করছে গণজাগরণ মঞ্চের চার পক্ষের নেতা-কর্মীরা।
পক্ষগুলো হচ্ছে : ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুর নেতৃত্বাধীন শাহবাগ আন্দোলন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার-এর নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের একাংশ ও আওয়ামী লীগ সমর্থিত কামাল পাশার নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের অপর অংশ।
উল্লেখ্য, আজ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার রায় হওয়ার কথা রয়েছে। তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে সম্প্রতি ভেঙে যাওয়া মূল গণজাগরণ মঞ্চের চারটি অংশ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো শাহবাগ এলাকা।
উল্লেখ্য, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের একতরফা ও অনৈতিক অবস্থানের কারণে বিবাদের সৃষ্টি হয়েছে। এমনকি গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে মঞ্চের সাথে সংশ্লিষ্ট পাঁচ বাম ছাত্র সংগঠন ইমরানের বিরুদ্ধে নানা অভিযোগ আনে।
তবে ওইদিনই দুপুরে রাজধানীর পরিবাগে সাহিত্য বিকাশ কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে করা সকল অভিযোগ অস্বীকার করেছেন ইমরান এইচ সরকার।
ইমরানের বিরুদ্ধে অভিযোগকারী ৫ ছাত্র সংগঠনের মধ্যে রয়েছে, ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র আন্দোলন, ছাত্র ঐক্য ফোরম ও বাংলাদেশ ছাত্র সমিতি অংশ নেয়।
ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ছাত্র মৈত্রীর সভাপতি দীপ্ত বসু। সংবাদ সম্মেলনে জাসদ ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম সুমন, ছাত্র আন্দোলনের সভাপতি মঞ্জুর রহমান মিঠু, ছাত্র ঐক্য ফোরামের সভাপতি সোহান সোবাহান, ছাত্র সমিতির সভাপতি জাহিদুর রহমান খানসহ সংগঠনগুলোর সহসভাপতিরাও উপস্থিত ছিলেন।
দীপ্তু বসু বলেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে ইমরান এইচ সরকারকে দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তার একতরফা ও অনৈতিক অবস্থানের কারণে মঞ্চে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের মধ্যে ক্ষোভ, হতাশা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এতে মূল উদ্দেশ্য ব্যাহত এবং আন্দোলনে গতিহীনতার সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, ইমরানের অগণতান্ত্রিক ও অনৈতিক মনোভাবের কারণে আমাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দূর করা সম্ভব হয়নি। সর্বশেষ গত ৩ এপ্রিল সন্ধ্যায় কর্মীদের সাথে হাতাহাতির ও রক্তপাতের ঘটনা ঘটে। এ সব ঘটনা তাদের বিস্মিত করেছে।
তবে, সব অভিযোগ অস্বীকার করে গণজাগরণ মঞ্চের ব্যাপারে সরকার অবস্থান পাল্টিয়েছে বলে দাবি করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সরকারের নৈতিক অবস্থানের পরিবর্তন ও বিচারের দীর্ঘসূত্রিতার কারণে মঞ্চের সঙ্গে বিরোধ শুরু হয়েছে।
সরকার গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করার চেষ্টা করছে কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান এইচ বলেন, আমি সুনির্দিষ্টভাবে সরকারকে দায়ি করবো না। তবে সরকারের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি মঞ্চকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে সরকারের অঙ্গ সংগঠনের নেতারা যেসব বক্তব্য দিয়েছেন তা অনভিপ্রেত।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি,কম)//এসএইচ // কেবি





