সৌদি আরবে মিনায় পদদলিত হয়ে জেলার নাসিরনগরের একই গ্রামের দুই নারী হাজি নিহত হয়েছেন।

একই ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিখোঁজ রয়েছেন বলে পরিবারের লোকজন নিশ্চিত করেছেন। এদিকে ওই গ্রামের আরও দু'জন সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত এবং আহত সবাই উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।

মিনায় নিহত দুই নারী হলেন- বালিখোলা গ্রামের মৃত আলীম উদ্দিনের মেয়ে আমেনা বেগম (৫০) ও একই গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা তার চাচাতো বোন ইদু মিয়ার স্ত্রী হাসিনা খাতুন (৬০)।

নিখোঁজ রয়েছেন- বালিখোলা গ্রামের সাইজ উদ্দিনের ছেলে হাজী মো. আসাদুল্লাহ (৭৫), তার স্ত্রী সায়েরা বেগম (৬০), ছোট বোন আউলিয়া বেগমের স্বামী একই এলাকার বাসিন্দা মৃত এলাজ উদ্দিনের ছেলে সিদ্দিক মিয়া (৬৫), তার মামা কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার নোয়াগাঁও গ্রামের বাঙ্গালপাড়ার মৃত লাল মিয়ার ছেলে ওমর আলী (৭০)।

সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন নিখোঁজ মো. আসাদুল্লাহর চাচাতো ভাই সুরুজ মিয়ার ছেলে সায়েব আলী (৫৫) ও আসাদুল্লাহর চাচী মৃত আব্দুল জলিলের স্ত্রী অলিমুন্নেছা বেগম (৬০)।

নিহত ও নিখোঁজদের পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা তোপখানা বিজয়নগর এলাকার হজরে আসওয়াদ হজ অ্যান্ড ট্রাভেল ট্যুরস এজেন্সির মাধ্যমে আসাদুল্লাহ পরিবার ও আত্মীয়স্বজনসহ মোট আট জন হজ পালন করতে গত ৩০ আগস্ট সৌদি আরব যান।

গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছোড়ার সময় ওই আটজন একইসঙ্গে ছিলেন। এ সময় পদদলনের ঘটনায় আসাদুল্লাহর চাচাতো ভাই সায়েব আলী ও চাচী আলিমুন্নেছা কোন রকমে প্রাণে বেঁচে যান।

নিখোঁজ আসাদুল্লাহর ছেলে জসিম উদ্দিন ও তাদের আত্মীয় কুন্ডা ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের সভাপতি বকুল হোসেন খান জানান, দুর্ঘটনায় বেঁচে যাওয়া সায়েব আলী ও আলিমুন্নেছা বাংলাদেশে তাদের পরিবারকে আমেনা বেগম (৫০) ও হাসিনা খাতুনের (৬০) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের বরাত দিয়ে জসিম উদ্দিন আরও জানান, দুর্ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পর আমেনা ও হাসিনার মৃত দেহ দেখতে পেয়েছেন বলে যাওয়া সায়েব আলী ও অলিমুন্নেছা দাবি। বাকিদের তারা খোঁজে পাননি বলে জানিয়েছেন।

ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ আমেনা বেগম ও হাসিনা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নারিসনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোয়াজ্জেম হোসেন বলেন, মিনার ঘটনায় ছয়জন নিখোঁজ রয়েছেন। তবে স্থানীয়দের মাধ্যমে দুই নারী মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

কেএইচ