স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যার বিচার চাইলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সমিতি ফেডারেশনের নেতারা। তাঁরা এ হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

এ ছাড়া তদন্তকাজে সহযোগিতার নামে যুক্তরাষ্ট্র দেশের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে চাইছে বলেও মনে করছেন শিক্ষক নেতারা।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকলিপির মাধ্যমে শিক্ষক নেতারা এসব দাবি ও বক্তব্য তুলে ধরেন। তা ছাড়া যেসব শিক্ষক ও মুক্তচিন্তার মানুষদের হত্যা করা হয়েছে, সেগুলোরও দ্রুত বিচার করার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ সময় ফেডারেশনের মহাসচিব মাকসুদ কামালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সম্পর্কিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গণমাধ্যমে সতর্কতার সঙ্গে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়। যেসব বক্তব্য জনগণের মধ্যে আস্থাহীনতার সৃষ্টি করে এবং জঙ্গিবাদকে উৎসাহিত করে, তা পরিহার করার জন্য স্মারকলিপিতে পরামর্শ দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ‘তদন্তকাজে সহযোগিতার নামে যুক্তরাষ্ট্র এ দেশের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে চাইছে। ইতিমধ্যে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে তদন্তে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেছেন। আমরা যুক্তরাষ্ট্রের এসব অশুভ তৎপরতা আপনি ও আপনার মাধ্যমে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

গত ২৩ এপ্রিল রাজশাহী নগরের শালবাগান এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়।

এমআর