মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ১২ হাজার ৬৭০ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত আইয়ূব আলী (আনারস প্রতীক) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
আইয়ূব আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মনিরুজ্জামান মনি (তালা প্রতীক) পেয়েছেন ১ হাজার ৪১০ ভোট।
রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন ভোট গণনা শেষে বিকাল ৫ টায় ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণায় তিনি বলেন, ‘১২ হাজার ৬৭০ ভোট পেয়ে আইয়ূব আলী আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মনি তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪১০ ভোট।’
তবে বিএনপি সমর্থিত প্রার্থী জাল ভোট, ভোটারদের ভয়ভীতি দেখানো আর কারচুপির অভিযোগ এনে দুপুরেই সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জন করেছেন।
এর আগে রবিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত।
নির্বাচন অফিসার মুহাম্মদ সরওয়ার হোসেন জানান, ষোলটাকা ইউনিয়ন পরিষদে উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ১২৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ৪৪১ জন ও নারী ভোটার ৮ হাজার ৬৮৮ জন।
তিনি আরও জানান, ‘অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠভাবে নির্বাচন শেষ হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি ষোলটাকা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান সাবদাল হোসেন কালু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





