চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পেছন দিক থেকে আসা বাসের ধাক্কায় ভটভটির দুই যাত্রী নিহত হয়েছেন।
আজ রবিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ভন্ডবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন মোহাম্মদ রিয়ন (১৫) নামে একজন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আলমডাঙ্গা কলেজপাড়ার সজীব আহমেদ জানান, আলমডাঙ্গা থেকে একটি আলমসাধুতে (ভটভটি) করে দুজন যাত্রী নিয়ে চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিলেন। একই দিকে চলা দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
আলমসাধু(ভটভটি) চালক ও অন্য যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পথে অপর যাত্রীও মারা যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, মাথায় বড় ধরনের আঘাতের কারণে ওই যাত্রী মারা গেছেন। চালকের অবস্থাও আশংকাজনক।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার আক্কাস আলী জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই একজন মৃত পড়ে ছিল। দু’জনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। চালকের চিকিৎসা চলছে।
মুস্তাঈন





