দেশের ৩টি জেলায় সড়ক দুর্ঘটনায় মোট ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নোয়াখালী, সিরাজগঞ্জ ও শরীয়তপুরে ব্যস্ততম সড়কে এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতদের মধ্যে নোয়াখালীতে ২ জন এবং বাকি দুই জেলায় ৩ জন করে মোট ৬ জন নিহত হয়। এতে আহত হয় প্রায় ১২ জনের মতো।
নোয়াখালী:
নোয়াখালীতে গাছের সাথে ধাক্কা লেগে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। রবিবার সকালে সদর উপজেলার ডাক্তার বাজারের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, রবিবার সকালে লক্ষ্মীপুরের রামগতি থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নোয়াখালী সদরের সোনাপুর যাচ্ছিল।পথে ডাক্তার বাজারের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
সিরাজগঞ্জ:
গতকালের মতো আজও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল হামিদ জানান, ঘটনাস্থলে গিয়ে পানির ভেতর থেকে টিন উদ্ধারের পর ৩ জনের মরদেহ পাওয়া যায়। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শনিবার ভোর ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ বাসযাত্রী নিহত হন। এতে অন্তত ১৯ যাত্রী আহত হন।
শরীয়তপুর:
শরীয়তপুর সদর উপজেলায় ধান ভর্তি একটি ট্রাক খাদে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার কানার বাজার সংলগ্ন খেলসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মো. রহমত হোসেন (৪০), নাঈম হোসেন (২৫) ও ইদ্রিস (৬০)। আহত ৬ জন হলেন- মো. হামেদ (৩৫), মো. রবিউল ইসলাম (১৯), ইসমাইল (৩০), মালেক (৬০), শরিফুল (৪০) ও খাইরুল ইসলাম(৩০)। শ্রমিকরা সবাই সাতক্ষীরা জেলার আশাসনি উপজেলার চেতুয়া এলাকার বাসিন্দা।
নিয়াজ আহাম্মেদ জানান, জেলার সদর উপজেলার কানার বাজার থেকে ২০০ বস্তা ধানসহ ১২ জন শ্রমিক নিয়ে একটি ট্রাক সাতক্ষীরা যাচ্ছিল।
শরীয়তপুর সদর পৌরসভার ৬নং ওয়ার্ড কানার বাজার সংলগ্ন খেলসি এলাকার সড়কে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। আহত ছয়জনকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
জেড





