মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে শতবর্ষী ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের জমি ও মাঠ দখলের প্রতিবাদে ঢাকা-দোহার সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা সড়কের বালাশুর চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়। এসময় ওই সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, প্রাচীন শতবর্ষী ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় আড়াই হাজার। বিদ্যালয়ের ভবনে স্থান না হওয়ায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু স্থানীয় প্রভাবশালী এক মহল ভবন নির্মাণে বাধা দিয়ে ওই জমি দখলের পাঁয়তারা করছে। তারা ভুয়া কাগজপত্র করে জমি দখল নিতে চাচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
কর্তৃপক্ষের অভিযোগ, ওই সিন্ডিকেট ভুয়া কাগজপত্র দিয়ে আদালতে মামলা করে ভবন নির্মাণে বাধা দিচ্ছে। বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
প্রতিবাদ কর্মসূচিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





