জামায়াতে ইসলামীর ডাকে দ্বিতীয় দফায় ২৪ঘণ্টার হরতাল শেষ হওয়ার পর সোমবার সকাল থেকে চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল চলছে।
হরতাল শুরুর চট্টগ্রাম নগরী বা জেলার কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে নগরীতে সংখ্যায় কম হলে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।
হরতালের সমর্থনে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে মিছিল সমাবেশ করেছে বিএনপি। এছাড়া কাজির দেউড়ি এলাকায় নগর ছাত্রদল ও ষোলশহর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মিছিল করেছে।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে ২০দলীয় জোট।
হরতালে নাশকতা মোকাবেলায় চট্টগ্রাম নগরী ও জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরী ও জেলায় পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন আছে।
সোমবার হরতাল কর্মসূচির শুরু থেকেই নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক প্রহরা রয়েছে। সকাল ৬টায় হরতাল শুরু হওয়ার পর থেকে নগরী কিংবা জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালে সড়কে রিকশা চলাচল করলেও অন্যান্য গণপরিবহন চলাচল খুবই কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়তে থাকে।
নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান বলেন, নগরীর মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। নগরজুড়ে টহল জোরদার করা হয়েছে। বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলেই তাদের মাঠে নামানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীতে প্রাথমিকভাবে ৬ প্লাটুন অর্থাৎ ১৮০জন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। আর জেলায় ১০ প্লাটুন অর্থাৎ তিন‘শ বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বলেন, স্পর্শকাতর উপজেলাগুলোতে বিজিবি মোতায়েন আছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ আগে থেকেই মোতায়েন আছে।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





