মৌলভীবাজার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর নামক স্থানে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জেলার শেরপুর এলাকার জাহাঙ্গীর আলম(৩৮), শাহাদত হোসেন ড্রাইভার(২৮), নাহিদ তালুকদার(২০), মৌলভীবাজার সদর থানার খালিশপুর গ্রামের সাইফ আহমেদ(১২), করিমপুর গ্রামের সাজনা বেগম (২৮) ও ওসমানী নগর থানার লায়েছ মিয়া(২৮)।

আশঙ্কাজনক অবস্থায় তিন বছরের শিশু নুরজাহান ও চার বছরের শিশু মোস্তাক এবং তাদের মা ইয়াছমিন আক্তারকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার সদও হাসাপাতালের ইমাজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদেকুল আলম।

তিনি বলেন, শিশু দুটির মাল্টিপুল ফ্যাকচার হয়েছে। তাদের হাতে ও পায়ে এবং শরীরের অন্যান্য স্থানে ফ্যাকচার হয়েছে। তাদের মায়ের ব্রেইনে আঘাতে অজ্ঞান অবস্থায় রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ৬টার শেরপুর থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এএসআই) শিলা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। পুলিশ ঘটিনাস্থলে পৌঁছেছে।


জেড